কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের কবল থেকে জিম্মিদের উদ্ধারে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫৭ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে। আটক করা হয়েছে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালিকে জিম্মি করে রাখার খবর পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল তাদের আটকে রেখেছিল। পরে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ দল সেখানে অভিযান চালায়।
বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা গুলি ছোড়ে। এতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে সেনাসদস্য মো. তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হন। অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জিম্মি থাকা ৫৭ জনকে উদ্ধার এবং পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।
দেশের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে তিতাস শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে বাহিনীটি।