নতুন জামা ও নানা উপহার পেয়ে আনন্দে মেতে ওঠে নোয়াখালীর সুবর্ণচরের ৬০ সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বী শিশু। তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ‘স্বপ্ন এক চিলতে হাসি’ নামে একটি সংগঠন এ ব্যতিক্রমী উদ্যোগ নেয়। রোববার উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান। সৈকত মজুমদারের সভাপতিত্বে এবং মারুফা আইভির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, চরজব্বর থানার ওসি মো. রফিকুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া ও নারী নেত্রী লায়লা পারভীন।
অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিরা ৬০ শিশুর হাতে নতুন পোশাকের পাশাপাশি ফিরনি, মিষ্টি, টিফিন, আলতা ও প্রণামিসহ বিভিন্ন উপহার তুলে দেন। এমন আয়োজন শিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করে। আয়োজকদের মূল উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের আনন্দময় সময় উপহার দেওয়া।