চাপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ সীমান্তে দুই দফা অভিযান চালিয়ে ১৪৩টি ভারতীয় স্মার্টফোনসহ প্রায় ৪০ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি। সোমবার সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর ও বালুটুঙ্গী গ্রামে এসব অভিযান পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) জানায়, সকাল ৭টা ১০ মিনিটে মনোহরপুর বিওপির বিশেষ টহল দল মনোহরপুর গ্রামে অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ১৪৩টি ভারতীয় স্মার্টফোন ও একটি মোটরসাইকেল পাওয়া যায়। পরে সকাল ৯টা ৫০ মিনিটে একই বিওপির নিয়মিত টহল দল বালুটুঙ্গী গ্রামে অভিযান চালিয়ে আরও কিছু চোরাচালানের পণ্য জব্দ করে।
দ্বিতীয় অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, জব্দ করা স্মার্টফোন, মোটরসাইকেল, বাইসাইকেল ও অন্যান্য পণ্য নিয়ম অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, পুশইন প্রতিরোধ এবং মাদক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অপরাধ প্রতিরোধে বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।