তরুণদের শুধু চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, প্রয়োজনীয় দক্ষতা ও আধুনিক উপকরণ সরবরাহের মাধ্যমে যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
সোমবার (২৭ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে ‘জব ফেয়ার দিনাজপুর ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তরুণদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের সামনে কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা সরকারের অন্যতম উদ্দেশ্য। শুধু নিজের চাকরির কথা না ভেবে সমাজের অন্য মানুষের জন্য কর্মসংস্থান তৈরির চিন্তাও তরুণদের করতে হবে।
তিনি বলেন, এ ধরনের চাকরি মেলা তরুণদের নতুন উদ্দীপনা জোগাবে এবং আত্মনির্ভরশীল হওয়ার পথ দেখাবে। তরুণদের সফল উদ্যোক্তা ও সমাজসেবীদের জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি রণদা প্রসাদ সাহা, জহুরুল ইসলাম ও স্যামসন এইচ চৌধুরীর উদাহরণ তুলে ধরেন।
দিনাজপুরের বিরামপুরে আয়োজিত এ মেলায় চাকরিপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৫ হাজার নিবন্ধিত প্রার্থীসহ ৪০ হাজারের বেশি চাকরিপ্রার্থী এতে অংশ নেন। দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নেয় এবং তাৎক্ষণিকভাবে শতাধিক প্রার্থী চাকরি পান।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে লক্ষাধিক সিভি জমা পড়ে। যাচাই-বাছাই শেষে এসব প্রতিষ্ঠানে নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়।
মন্ত্রী দিনাজপুরের ভৌগোলিক অবস্থান ও আঞ্চলিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, এ অঞ্চলের অগ্রগতির জন্য তরুণদের সুপ্ত প্রতিভা বিকশিত করা জরুরি।
অনুষ্ঠানে দিনাজপুরের দুই সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও এ জেড এম রেজওয়ানুল হক, জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলালসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিপুলসংখ্যক তরুণ উপস্থিত ছিলেন।