ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের গরমের দুর্ভোগ কমাতে ১৫টি বৈদ্যুতিক ফ্যান উপহার দিয়েছেন আফ্রিকাপ্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ রানা। সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের অনুরোধে নিজের অর্থায়নে তিনি এসব ফ্যান দেন। মাসুদ রানার পক্ষে তার ভাই ও সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ এলিম বিশ্বাস ফ্যানগুলো হস্তান্তর করেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। অতিরিক্ত গরমে রোগী ও স্বজনদের কষ্টের বিষয়টি জানতে পেরে তাদের স্বস্তির জন্য ফ্যান দেওয়ার উদ্যোগ নেন তিনি।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নেওয়াজ মুস্তাফিজ চৌধুরীর সঙ্গে হাসপাতালের চিকিৎসাসেবার মান ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় তিনি জানতে পারেন, গত তিন বছর ধরে হাসপাতালে কোনো গাইনি চিকিৎসক নেই। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে প্রসূতি মা ও নারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত একজন গাইনি চিকিৎসক পদায়নের উদ্যোগ নিতে ফরিদপুরের সিভিল সার্জনের সঙ্গে মুঠোফোনে কথা বলেন।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের দুর্ভোগ কমাতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে প্রসূতি মা ও নারীদের চিকিৎসাসেবা নিশ্চিতে দ্রুত গাইনি চিকিৎসক পদায়ন প্রয়োজন।
তার ঘোষণার পরিপ্রেক্ষিতে সোমবার রাতেই নেতাকর্মীরা ১৫টি ফ্যান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবিদ হাসানের হাতে তুলে দেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।