‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, জামালপুরের উদ্যোগে শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল্লাহেল কাফির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম। এতে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম ও ফজলে এলাহী মাকামসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এ জন্য আগাম প্রস্তুতি, প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। দুর্যোগ সহনশীল দেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরে ইজ্জতুন নেসা উচ্চবিদ্যালয়ে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।