পাবনার সাঁথিয়া উপজেলায় অনুমোদন ছাড়া সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার গুদাম থেকে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ ১৩৪ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সার কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ বাজারে আদনান মেহেরাজ ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আল হাসান আসিফ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কামরুল হোসেন মিলিটারি, যিনি সাবেক সেনা সদস্য বলে পরিচিত, তাকে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী জরিমানা করা হয়।
অভিযানে উদ্ধার করা সার স্থানীয় ইউপি সদস্য আসলাম উদ্দিনের মাধ্যমে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ ও সাঁথিয়া থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আসলাম উদ্দিন জানান, ওই ব্যবসায়ীর দোকান থেকে ১৩৪ বস্তা সার জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাকে সারগুলো কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আল হাসান আসিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আদনান মেহেরাজ ট্রেডার্সে অভিযান চালানো হয়। অনুমোদন ছাড়া সার মজুত ও বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।