চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব পাচ্ছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটিকে নিয়োগের অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়, তবে দরপত্রের সময়সীমা ও প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উঠেছে বিতর্ক।
চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) পরিচালনায় আসছে পরিবর্তন। আগামী ছয় মাসের জন্য টার্মিনালটির অপারেটর হিসেবে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে নিয়োগের অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। ২৪ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটি দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। সোমবার মধ্যরাত থেকেই দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রণালয়ের চট্টগ্রাম বন্দর-সংশ্লিষ্ট শাখা থেকে এ অনুমোদন দেওয়া হয়। সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির সই করা চিঠিতে জানানো হয়েছে, সিসিটি এলাকায় কনটেইনার ও কনটেইনারজাত পণ্য ওঠানামার কার্যক্রম পরিচালনায় সর্বনিম্ন দর প্রস্তাবকারী প্রতিষ্ঠানটিকে ছয় মাসের জন্য অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, আগের অপারেটর সাইফ পাওয়ারটেকের কার্যক্রম চালানোর সময়সীমা তিন সপ্তাহ বাড়ানো হয়েছিল। সোমবার সেই বর্ধিত মেয়াদ শেষ হয়েছে। বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনায় যাতে কোনো ধরনের কার্যক্রম বিঘ্নিত না হয়, সে বিবেচনায় দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তার দাবি, কাউকে বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে নয়, সরকারি নির্দেশনা ও নিয়ম মেনেই নতুন অপারেটর নির্বাচন করা হয়েছে।
তবে এ নিয়োগপ্রক্রিয়া ঘিরে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়েছে। গত ১৭ নভেম্বর সীমিত দরপত্র পদ্ধতিতে ছয় মাসের জন্য অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বন্দর কর্তৃপক্ষ। দরপত্র কেনার শেষ সময় ছিল ১৮ নভেম্বর এবং জমা দেওয়ার শেষ সময় ১৯ নভেম্বর দুপুর ১২টা। অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে দরপত্র জমা পর্যন্ত সময় পাওয়া যায় মাত্র দুই দিন।
এ সময়ের মধ্যে চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এগুলো হলো এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশানিয়া জয়েন্টভেঞ্চার, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
দরপত্রে এভারেস্ট পোর্ট সার্ভিসেস ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা প্রস্তাব করে সর্বনিম্ন দরদাতা হয়। দ্বিতীয় সর্বনিম্ন ৪০ কোটি ৪০ লাখ ১৩ হাজার টাকা দর দেয় বিঅ্যান্ডএম-ওশানিয়া জয়েন্টভেঞ্চার। দুই প্রতিষ্ঠানের প্রস্তাবের ব্যবধান ১০ কোটি ২৪ লাখ ৮৩ হাজার টাকা। এভারেস্টের মালিক লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের একটি জেটি পরিচালনার দায়িত্বেও রয়েছে।
দরপত্রের সময়সীমা নিয়ে আপত্তি জানিয়েছে বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন (বোটসোয়া)। সংগঠনটির সভাপতি ফজলে একরাম চৌধুরীর অভিযোগ, দরপত্রের বিজ্ঞপ্তি যথাযথভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পৌঁছায়নি। মাত্র দুই দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে প্রতিযোগিতায় অংশ নেওয়া কঠিন। তাঁর দাবি, সরকারি ক্রয়বিধি (পিপিআর) অনুযায়ী সীমিত দরপত্রে ১৪ দিন সময় দেওয়ার বিধান রয়েছে। সিসিটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনার অপারেটর নিয়োগে এমন স্বল্প সময় নির্ধারণ করায় অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
দরপত্রে অংশ নেওয়া অন্য দুটি প্রতিষ্ঠানকে নিয়েও প্রশ্ন উঠেছে। দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ৪৪ কোটি ১৮ লাখ ৫৬ হাজার টাকা এবং শামীম এন্টারপ্রাইজ ৪২ কোটি ৭১ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা দর প্রস্তাব করে। তবে প্রতিষ্ঠান দুটি বাধ্যতামূলক ৫০ লাখ টাকার নিরাপত্তা জামানত জমা দেয়নি বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি কনটেইনার হ্যান্ডলিংয়ে তাদের পূর্ব অভিজ্ঞতা নিয়েও সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।
দীর্ঘদিন সিসিটি পরিচালনা করে আসা সাইফ পাওয়ারটেক লিমিটেডও দরপত্রে অংশ নিতে না পারার অভিযোগ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, ১৮ নভেম্বর দরপত্রের শিডিউল কেনার আবেদন করলেও দাপ্তরিক প্রক্রিয়া ও ব্যাংকের লেনদেনের সময়সীমার কারণে তা সংগ্রহ করা সম্ভব হয়নি। পরে দরপত্র জমার সময় ১০ দিন বাড়ানোর আবেদন জানিয়ে বন্দর চেয়ারম্যানকে চিঠি দেওয়া হলেও তাতে সাড়া মেলেনি।
অবশ্য বন্দর কর্তৃপক্ষের বক্তব্য, সীমিত দরপত্র পদ্ধতিতে সরকারি ক্রয়বিধি অনুসরণ করেই পুরো প্রক্রিয়া পরিচালিত হয়েছে। প্রস্তাবগুলো যাচাই করতে বন্দর সদস্যের (প্রকৌশল) নেতৃত্বে সাত সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে নিয়োগের অনুমোদন চাওয়া হলে মন্ত্রণালয় তা অনুমোদন করে।
উল্লেখ্য, গত ছয় বছর ধরে সিসিটি পরিচালনার দায়িত্বে ছিল দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। গত ২ নভেম্বর প্রতিষ্ঠানটির চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া শেষ না হওয়ায় তাদের অতিরিক্ত তিন সপ্তাহ দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হওয়ার পর নতুন দায়িত্ব নিচ্ছে এভারেস্ট।
৪৫০ মিটার দীর্ঘ সিসিটি চট্টগ্রাম বন্দরের কনটেইনার পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। এখানে একই সময়ে দুটি জাহাজে কনটেইনার ওঠানামা করা সম্ভব। ফলে নতুন অপারেটরের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বন্দরের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দরপত্র নিয়ে ওঠা প্রশ্নেরও নিষ্পত্তি কতটা হয়, সেদিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।