চাঁপাইনবাবগঞ্জে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ২৫ জনের মধ্যে বিশেষ অনুদান হিসেবে ২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। প্রত্যেক উপকারভোগীকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টায় সদর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচিত ব্যক্তিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, সমাজের দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। অসচ্ছল মানুষের দুঃখ-কষ্ট লাঘব ও জীবনমান উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন।
তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন প্রয়োজনের সময় সহায়তা পান, সে লক্ষ্যেই অগ্রাধিকারের ভিত্তিতে অনুদান দেওয়া হচ্ছে। মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ। সঠিকভাবে উপকারভোগী নির্বাচন করে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা পৌঁছে দেওয়া হলে তা তাদের দৈনন্দিন জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে। অসচ্ছল মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।