সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। একই সঙ্গে প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণাও দিয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের ফেসবুক আইডি থেকে দুটি পোস্ট দেওয়া হয়। একটিতে লেখা হয়, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে।’ অপর পোস্টে তিনি লেখেন, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।’
ইউএনও শিল্পী রাণী মোদক জানিয়েছেন, এসিল্যান্ড আরিফুর রহমান মানসিকভাবে অসুস্থ ও ট্রমাগ্রস্ত ছিলেন। পোস্ট দেওয়ার পর তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন। এক আনসার সদস্যকে মারধর এবং তার তিন বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেন ইউএনও। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইউএনও জানান, শুক্রবার রাতে তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে স্ত্রীসহ উপস্থিত ছিলেন এসিল্যান্ড। অনুষ্ঠান শেষে বাসা থেকে বের হওয়ার পরই তিনি ফেসবুকে বিতর্কিত পোস্টগুলো দেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া জানান, খবর পেয়ে পুলিশ এসিল্যান্ডের বাসায় যায়। পরিস্থিতি বিবেচনায় তার স্ত্রী ও সংশ্লিষ্টদের পরামর্শে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে সিলেটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যান।
প্রায় দুই মাস আগে জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন আরিফুর রহমান শান্ত। নিজের পোস্টে ইউএনওর নাম উল্লেখ করার কারণ সম্পর্কে শিল্পী রাণী মোদক বলেন, বিষয়টি তিনি নিজেও বুঝতে পারছেন না।