উৎপাদিত চায়ের গুণগত মান বাড়াতে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ে বাংলাদেশ চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে গুণগত মানের চা উৎপাদনবিষয়ক প্রশিক্ষণ ও চা আস্বাদনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
চা বোর্ড চেয়ারম্যান বলেন, নিজেদের উৎপাদিত চায়ের ইতিবাচক বৈশিষ্ট্য ধরে রাখার পাশাপাশি কোথায় ঘাটতি রয়েছে, তা শনাক্ত করতে হবে। চা প্রক্রিয়াজাতকরণ ও হ্যান্ডলিংয়ের কোন পর্যায়ে মানের ঘাটতি তৈরি হচ্ছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। নিজের ভুল বুঝতে পারা মানোন্নয়নের প্রথম শর্ত।
অনুষ্ঠানে চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক ও ইসমাইল হোসেন, বাংলাদেশ বটলিফ চা কারখানার সভাপতি নিয়াজ আলী চিশতী, স্মল টি ওনার্স অ্যান্ড ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শাহজাহান খান এবং চা চাষি সমিতির উপদেষ্টা আনিসুর রহমান নূতন বক্তব্য দেন।
প্রশিক্ষণে চা চাষি, কারখানার কর্মকর্তা, মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড কার্যালয়ে ৩০টি কারখানার উৎপাদিত চা আস্বাদনের মাধ্যমে এর গুণগত মান যাচাই করা হয়।