ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীবেষ্টিত একটি চরে মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের জঙ্গী কান্দি (চরাঞ্চল) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় স্থানীয় জামাল মোড়লের চায়ের দোকানে অপরিচিত কয়েকজন ব্যক্তি চা পান করতে আসেন। এ সময় স্থানীয়রা তাঁদের পরিচয় ও ঠিকানা জানতে চাইলে তাঁরা ঢাকা জেলার দোহার থেকে ওই চরে ঘুরতে এসেছেন বলে জানান। পরে রাত সাড়ে ৯টার দিকে তাঁরা স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে মশাল মিছিল করেন। মিছিল দেখে স্থানীয় বাসিন্দারে মধ্যে কয়েকজন ক্ষিপ্ত হলে তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় বাসিন্দা হোসেন শেখ বলেন, হঠাৎ শুনতে পান, গ্রামে আওয়ামী লীগের লোকজন মিছিল করেছেন। পরে বিষয়টি জানতে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, বাইরে থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় ১০-১৫ জনকে সঙ্গে নিয়ে মশাল মিছিল করেছেন। তবে এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হননি বলে জানান তিনি।
চর নাছিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, স্থানীয় আ.লীগ কর্মী মো. সোহেল ফকির (২৩) ও আলম ফকিরসহ (২১) প্রায় ২০ জনের একটি দল মশাল মিছিল করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিষয়টি জানার পর তিনি সদরপুর থানাকে অবহিত করেছেন।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, এ ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানান।