ধর্মীয় আলোচনা, ইবাদত-বন্দেগি ও আত্মশুদ্ধির প্রত্যাশায় রংপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা। এতে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশ থেকে আসা মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ ধর্মীয় সমাবেশ। নগরীর তাজহাট এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের তাওহীদ হাউজিং এবং দর্শনা মোড় থেকে সূত্রাপুর-আক্কেলপুর এলাকাজুড়ে ইজতেমার আয়োজন করা হয়েছে। আগামী শনিবার (২৮ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।
ইজতেমায় কোরআন-হাদিসের আলোচনা, ধর্মীয় বয়ান, তালিম, নামাজ, জিকির-আজকারসহ নানা দ্বীনি কার্যক্রম চলছে। এসব আয়োজনের মধ্য দিয়ে মুসল্লিদের মধ্যে ধর্মীয় অনুশাসন, নৈতিকতা ও ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।
ইজতেমায় যোগ দিতে বদরগঞ্জ থেকে আসা জাহাঙ্গীর আলম বলেন, ঈমান ও আমলকে আরও দৃঢ় করার উদ্দেশ্যেই তিনি এখানে এসেছেন। মুসলিম উম্মাহর মধ্যে বিদ্যমান বিভেদ দূর হওয়ার জন্য দোয়া করেন তিনি। এত বড় ধর্মীয় সমাবেশে অংশ নিতে পেরে আনন্দিত বলেও জানান।
পীরগঞ্জ থেকে আসা বুরহান বলেন, ইজতেমার মাধ্যমে সবাই যেন সঠিক পথের দিশা পান, সেই প্রত্যাশা তার। সমাবেশ শেষে মুসল্লিরা দ্বীনি শিক্ষা অর্জন ও তা জীবনে বাস্তবায়নের কাজে যুক্ত হবেন—এমন দোয়াও করেন তিনি।
আয়োজক কমিটির দায়িত্বশীল মাহমুদুল আমিন জানান, ইজতেমা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের আয়োজনকে আমলি ইজতেমা হিসেবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। রংপুরের এ সমাবেশে অংশ নিতে কয়েকটি বিদেশি জামাতও এসেছে। তাদের থাকা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, রংপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে এবার লাখো মুসল্লি ইজতেমায় অংশ নেবেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সুদানসহ বিভিন্ন দেশের জামাতের সদস্যরাও এতে যোগ দিয়েছেন। আয়োজক কমিটির হাফিজুর রহমান হাফিজ জানান, ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে মারকাজের মুরব্বিরা বয়ান করছেন।
ইজতেমা উপলক্ষে মাঠের অবকাঠামো ও সেবাব্যবস্থাও প্রস্তুত করা হয়েছে। স্থানীয় সংগঠক শামীমুজ্জামান শামীম বলেন, রাতে মাঠ আলোকিত রাখতে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শতাধিক জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের ওজু ও গোসলের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে। একসঙ্গে প্রায় তিন থেকে চার হাজার মানুষ ওজু করতে পারবেন—এমন ব্যবস্থা রয়েছে।
আগত মুসল্লিদের চিকিৎসাসেবা দিতে মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে অর্ধশতাধিক মেডিকেল টিম। ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজকদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও সতর্ক রয়েছে। শনিবারের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ ধর্মীয় আয়োজন।