জামালপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৪ হাজার ২৭২ মিটার থান কাপড়সহ একটি নৌকা জব্দ করেছে ৩৫ বিজিবি। জব্দ করা কাপড়ের আনুমানিক মূল্য ৯০ লাখ ৬৪ হাজার টাকা।
শুক্রবার রাতে সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুরআলগা এলাকায় অভিযান চালান। বিজিবির গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই এলাকা দিয়ে নৌকায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় পাচার করা হচ্ছিল। পরে অভিযান চালিয়ে কাপড় ও নৌকাটি জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, এ ঘটনায় শনিবার (২৪ অক্টোবর) সকালে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান চলছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।




