বিশ্ব পোলিও দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে রোটারি ক্লাব লক্ষ্মীপুর সেন্ট্রালের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফাতেমা বেগম। বিশেষ অতিথি ছিলেন হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুব এলাহি সানী, রোটারি ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট মো. আসাদুজ্জামান চৌধুরী, প্রেসিডেন্ট মো. রেদোয়ান খান, ভাইস প্রেসিডেন্ট মো. হারুন অর রশিদ ও সেক্রেটারি মো. মিজানুর রহমান।
বক্তারা বলেন, পোলিও একটি গুরুতর সংক্রামক রোগ। এ রোগ থেকে শিশুদের সুরক্ষায় টিকাদানের বিকল্প নেই। পোলিও নির্মূলের বৈশ্বিক প্রচেষ্টা সফল করতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিটি শিশুকে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা জরুরি।
তারা বলেন, প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালনের মাধ্যমে রোগটি নির্মূলের প্রচেষ্টা এবং শিশুদের টিকাদানের গুরুত্ব তুলে ধরা হয়। সভায় রোটারি ক্লাবের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




