নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান। এর আগে শুক্রবার দুপুরে উপজেলার একলাশপুর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাসেল (২৫), রাকিব (১৯), আব্দুল আলিম (১৯), মো. কামরুল ইসলাম (১৯), মো. জিহান (১৮), নিশান (১৮), মো. সিয়াম (১৮) ও জিসান (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে একটি টার্ফের পাশের সড়ক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। পরে মিছিলটি মাইজদী-বেগমগঞ্জ মহাসড়ক হয়ে গাবুয়া এলাকায় গিয়ে বিক্ষোভ করে। এ সময় মিছিলকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ধাওয়া করে মিছিলে অংশ নেওয়া আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়।
ঘটনার পর রোববার মিছিলের ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়।
ওসি মো. শামসুজ্জামান জানান, এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।