গাজীপুরের কালীগঞ্জে তল্লাশির সময় কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন, যাদের মধ্যে একজন পুলিশ সদস্য।
শুক্রবার ভোরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া এলাকার রফিক মোল্লা (৪৫)। আহতরা হলেন এসআই জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮)।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তুমুলিয়া এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে তল্লাশি করার একপর্যায়ে ঘোড়াশালমুখী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে চারজন আহত হন।
পরে পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও এসআই জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন বলে জানান আশরাফুল ইসলাম।