চট্টগ্রামের জোরারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ১০০ রোল চীনা কাপড় উদ্ধার করেছে পুলিশ। প্লাস্টিকের বস্তায় লুকিয়ে পরিবহন করা এসব কাপড়ের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা। এ ঘটনায় গাড়ির চালক মো. নোমানকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে একটি দল মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করে। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ন-২০-৬৪০৪ নম্বরের কাভার্ড ভ্যানটিকে থামানো হয়।
পরে গাড়িতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ১০০টি বস্তার ভেতর বিভিন্ন রঙের ১০০টি কাপড়ের রোল পাওয়া যায়। প্রতিটি রোলের আনুমানিক দাম ৪০ হাজার টাকা হিসেবে পুরো চালানের মূল্য দাঁড়ায় ৪০ লাখ টাকা।
এদিকে, তল্লাশির সময় চালক নোমান পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা এলাকার আব্দুর রব মোল্লার ছেলে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জোরারগঞ্জ থানায় বিশেষ আইনে মামলা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন, যিনি কাপড় উদ্ধারের অভিযানে অংশ নিয়েছিলেন।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, গ্রেপ্তার নোমানকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে। কাপড়গুলো কোথা থেকে আনা হয়েছিল এবং এ চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।




