চিকিৎসার জন্য হাসপাতালে এসে বিপদের মুখে পড়ে এক পরিবার। তিন বছরের শিশুকে কোলে নিয়ে পালানোর চেষ্টার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন এক যুবক, পালিয়ে গেছেন তার দুই সহযোগী।
শরীয়তপুরে তিন বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে রাশেদ গাজী (২৫) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আটক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার চৌরঙ্গী বড় সেতুর সামনে এ ঘটনা ঘটে। আটক রাশেদ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার আবু আলম গাজীর ছেলে।
শিশুটির বাবা নড়িয়া উপজেলার বাসিন্দা মো. আলমগীর হোসেন জানান, অসুস্থ স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন তিনি। বিকেলে স্ত্রীর ওষুধ কিনতে হাসপাতালের নিচে নামেন। এ সময় তার তিন বছর বয়সী মেয়ে তোহাও বাবার পেছনে পেছনে নিচে চলে আসে।
আলমগীর হোসেনের অভিযোগ, ওই সুযোগে রাশেদ শিশুটিকে কোলে তুলে নিয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা রাশেদকে আটক করতে সক্ষম হন। তবে তার সঙ্গে থাকা অন্য দুজন দ্রুত পালিয়ে যান।
ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে থানায় নিয়ে যায়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ওই যুবককে থানায় আনা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




