রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হয়েছেন বগুড়ার ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের একটি অংশ। শুক্রবার বিকেলে দলটির জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করে নেওয়া হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এনসিপির কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। নবাগতদের স্বাগত জানান জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন বগুড়া শহর জোন ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ গোলাম কিবরিয়া। তিনি জামায়াতের যুব বিভাগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্বও পালন করেছেন। এ ছাড়া মো. আহসান হাবিব, আসিফ মাহমুদ, মো. শাওন ও মিনহাজুল আবেদিনসহ সাবেক ও বর্তমান ছাত্রশিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন।
গোলাম কিবরিয়ার ভাষ্য অনুযায়ী, এনসিপিতে যুক্ত হওয়া ব্যক্তির সংখ্যা ৮০। তবে আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১০ জন। অন্যরা অনুষ্ঠানে না এলেও দলটিতে যুক্ত হয়েছেন বলে দাবি করেন তিনি।
নিজের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাখ্যায় গোলাম কিবরিয়া বলেন, ব্যক্তিগত বিবেচনা থেকেই এনসিপিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন এই রাজনৈতিক দলের সঙ্গে কাজ করে দেশ ও সাধারণ মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে চান তিনি। তার সঙ্গে অর্ধশতাধিক ব্যক্তি দলটিতে যোগ দিয়েছেন বলেও সাংবাদিকদের জানান।
অনুষ্ঠানে শাহরিয়ার জুহিন বলেন, দেশের রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তনের প্রত্যাশা থেকেই এনসিপির কার্যক্রম এগিয়ে চলছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দলটি কাজ করছে। বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সঙ্গে যুক্ত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও জানান, এনসিপির সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে জেলার প্রতিটি ইউনিয়নে দলের কার্যক্রম পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ওয়ার্ড পর্যায়েও সংগঠনকে শক্তিশালী করার কাজ চলবে।
শাহরিয়ার জুহিন বলেন, কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় দেশজুড়ে উপজেলা কমিটি গঠনের কাজ প্রায় শেষ হয়েছে। এরপর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি ও সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পৃক্ততা বাড়ানো হবে। তিনি এনসিপি মনোনীত বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও এলাকায় জনসংযোগ চালাচ্ছেন।