রাঙ্গামাটির সাজেকে সড়ক অবরোধের কারণে পর্যটকদের যাতায়াতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে নিয়মিত দুইবারের পরিবর্তে রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় একবার সরকারি নিরাপত্তা স্কর্ট চলবে। এতে সাজেকে অবস্থানরত পর্যটকেরা ফিরতে পারবেন বলে আশা করছে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি।
সমিতির দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক জানান, অবরোধের কারণে স্কর্টের সংখ্যা কমিয়ে একবার করা হয়েছে। দুপুর ২টার স্কর্টে সাজেক থেকে পর্যটকেরা ফিরতে পারবেন। একই সঙ্গে নতুন পর্যটকেরাও সাজেকে যাওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
রবিবার সকাল থেকে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’-এর ডাকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু হয়। এতে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সাজেকে অবস্থানরত পর্যটকদের বাড়ি ফেরা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধ সমর্থকেরা। এর আগে শনিবার বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধের ঘোষণা দেওয়া হয়।




