ফেনীতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সহসভাপতি কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কুমিল্লা অঞ্চলের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম।
বক্তব্য দেন অধ্যাপক আরদুর রহীম, ফারুক হারুন, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, আতাউর রহমান টিটু, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম মজিজুর রহমান, ছাগলনাইয়া পৌর শাখার সভাপতি জয়নাল আবেদিন, ইদ্রিছ আলীসহ সংগঠনের নেতারা। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন মাইনুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক হাফেজ দাউদ হোসাইন।
প্রধান অতিথি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সৎভাবে ব্যবসা করাও বড় ইবাদত। সৎ ব্যবসায়ীরা শহীদ ও নবী-রাসুলদের সঙ্গ লাভ করবেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আইবিডব্লিউএফ একটি অরাজনৈতিক ও অলাভজনক বেসরকারি সংগঠন। মানুষকে না ঠকিয়ে সততার সঙ্গে হালাল ব্যবসা করাই এর সদস্য হওয়ার অন্যতম শর্ত। হালাল ব্যবসা সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়ক হতে পারে। সংগঠনে হিন্দু ধর্মাবলম্বীরাও সদস্য রয়েছেন উল্লেখ করে তিনি উপস্থিত ব্যবসায়ীদের আজীবন সদস্য হওয়ার আহ্বান জানান।