চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ১ হাজার ৩০০ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করা হয়েছে। আটক এসব ক্রিমের ওজন প্রায় ৪০ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।
শনিবার (০৭ নভেম্বর) বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ খলিলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের ব্যাগেজ তল্লাশি করে এসব ক্রিম উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অবস্থান নিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
এ সময় যাত্রীর ব্যাগেজ থেকে ১ হাজার ৩০০ পিস ‘Fresh & White Beauty Cream’ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা পণ্যগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রথমবার এ ধরনের ঘটনায় জড়িত থাকায় যাত্রীকে মৌখিক সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, আমদানি নিষিদ্ধ এসব প্রসাধনী দেশে প্রবেশ ও বাজারজাত করা আমদানি নীতি আদেশের বিধানের পরিপন্থী। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ প্রসাধনী ও অন্যান্য ক্ষতিকর পণ্যের অবৈধ আমদানি প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি অব্যাহত রয়েছে।
এ বিষয়ে প্রকৌশলী মোহাম্মদ খলিল বলেন, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে গোয়েন্দা সংস্থা, কাস্টমস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সমন্বিত নজরদারি অব্যাহত রয়েছে। এসব অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।




