দুই জেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাতে দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৬৫ বোতল মদ জব্দ করা হয়।
শুক্রবার সকালে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধর্মজান, রামচন্দ্রপুর ও চাপসার বিওপির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মদের বোতলগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা মদ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মদ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা নজরদারি চলছে।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।