গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের একটি কার্টন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার শৈলান এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন ছড়িয়ে পড়লে সারাবো ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যুক্ত হয়। পরবর্তী সময়ে মোট ইউনিটের সংখ্যা বেড়ে দাঁড়ায় নয়টিতে। তিনি বলেন, কারখানার ভেতরে প্রচুর খালি কার্টন থাকায় আগুনের তীব্রতা বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ঢাকা অফিসের ডিউটি কর্মকর্তা রাশেদ বিন শামীম জানান, শনিবার দুপুর ১২টা ৪৮ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টা অব্যাহত ছিল।