সিরাজগঞ্জে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উদ্ধার করা ১০ কেজি মাছ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কাজে ব্যবহারের জন্য নদীতে পাতা এসব অবৈধ জাল জব্দ করা হয়। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উদ্ধার করা মাছ নষ্ট না করে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রহমান খান, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আমজাদ হোসেনসহ মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, মা ইলিশের প্রজনন নিশ্চিত করা, উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন জরুরি। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে। এ লক্ষ্য অর্জনে নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানিয়েছে মৎস্য বিভাগ।




