সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৩৪টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এসব ফ্লাইটের মধ্যে কয়েকটি বাতিল ও কয়েকটি স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটির তথ্য অনুযায়ী, বিঘ্নিত ফ্লাইটের মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে। ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার কারণে রিয়াদগামী ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় ২৫ অক্টোবর রিয়াদগামী ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার থেকে দাম্মামগামী ফ্লাইটও চালু হচ্ছে।