সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা–দাম্মাম রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে এ রুটে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। এতে সৌদি আরবগামী যাত্রীদের মধ্যে স্বস্তি ফেরার আশা করা হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তথ্য অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।
এদিকে ঢাকা–জেদ্দা রুটেও ফ্লাইট পরিচালনার সূচি ঘোষণা করেছে বিমান। ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তী তিন দিন, অর্থাৎ ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এ রুটে একটি করে ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা–মদিনা রুটের ফ্লাইটগুলো নিয়মিত চলাচল করছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ রুটের কার্যক্রম ও সময়সূচিতে পরিবর্তন হবে না।
সৌদি আরবের বিভিন্ন রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার এই উদ্যোগে প্রবাসী বাংলাদেশি, কর্মী ও অন্যান্য যাত্রীর যাতায়াত সহজ হবে বলে আশা করা হচ্ছে। তবে যাত্রার আগে সংশ্লিষ্ট ফ্লাইটের সময়সূচি ও টিকিটের অবস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছ থেকে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।