সারা জীবনের সঞ্চয় ছিল দুই লাখ টাকা। কিন্তু আলমারিতে রাখা সেই অর্থ উইপোকা ও ইঁদুরে কেটে নষ্ট করে ফেলায় ভেঙে পড়েছিলেন গাইবান্ধার ৭২ বছর বয়সী কৃষক তোফাজ্জল হোসেন। তার দুরবস্থার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সহায়তার হাত বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা। তাদের পাঠানো দুই লাখ টাকা পেয়েছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে এক অনুষ্ঠানে তোফাজ্জলের হাতে অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, তোফাজ্জলের বড় মেয়ে মোসাম্মৎ মোর্সেদা এবং স্থানীয় সাংবাদিক ইদ্রিসউজ্জামান মোনা।
অনুষ্ঠানে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ধর্ম-বর্ণের ভেদাভেদ ছাড়িয়ে মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয়। তোফাজ্জলের দুর্দশার কথা জেনে প্রবাসীরা যে সহায়তা পাঠিয়েছেন, তা সহমর্মিতা ও দেশপ্রেমের দৃষ্টান্ত।
সালেহ উদ্দিন বলেন, একজন প্রান্তিক কৃষকের সারা জীবনের সঞ্চয় নষ্ট হওয়ার ঘটনা বেদনাদায়ক। এই বিপদের সময়ে যারা তার পাশে দাঁড়িয়েছেন, তাদের উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।
তোফাজ্জলের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামে। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তার পরিবার। একসময় ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। বয়স বেড়ে যাওয়ায় গ্রামে ফিরে অন্যের দুই বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করেন।
কৃষিকাজের আয়েই স্ত্রীকে নিয়ে সংসার চালান তোফাজ্জল। দীর্ঘদিনের কষ্টে জমিয়ে রাখা অর্থ নষ্ট হয়ে যাওয়ার পর তিনি দিশাহারা হয়ে পড়েন। টাকার ক্ষতিগ্রস্ত অংশ সামনে রেখে তার অসহায়ত্বের ছবি ও খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন। দুই লাখ টাকা সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে তোফাজ্জলের পরিবারে। এই সহায়তা তার নতুন করে ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছে।