দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধি ও প্রজননক্ষেত্র রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। হাওর, বাওড়, নদীনালা ও সমুদ্রে মাছের অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গবেষণার সাফল্যে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। চাষের মাছের উৎপাদন, গুণগত মান ও খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে জলবায়ু পরিবর্তন ও মানুষের অসচেতনতার কারণে প্রাকৃতিক মাছের প্রজননক্ষেত্র হুমকির মুখে পড়েছে। এ সংকট মোকাবিলায় চলতি বছর থেকেই বড় বাজেট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।
তিনি বলেন, দেশি মাছের প্রজনন ও জাত উন্নয়ন, বিলুপ্তপ্রায় প্রজাতির পুনরুদ্ধার, রোগ প্রতিরোধ এবং মানসম্মত পোনা উৎপাদনে গবেষণা জোরদার করতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, ক্ষতিকর জালের ব্যবহার বন্ধ এবং নিরাপদ মাছ উৎপাদনে সচেতনতা বাড়ানো জরুরি।
মৎস্য রপ্তানির বিষয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতে পর্যাপ্ত মাছ বিদেশে রপ্তানির লক্ষ্য রয়েছে সরকারের। তবে রপ্তানির ক্ষেত্রে গুণগত মানের সঙ্গে কোনো আপস করা হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গুণগত মান নিশ্চিত করতে হবে। মাছের স্বাদ ও মান অনেকাংশে পানির গুণগত অবস্থার ওপর নির্ভরশীল। তাই জলাশয়ের দূষণ রোধ এবং মাছের স্বাভাবিক বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, নদী ও খাল খননের মাধ্যমে পানিপ্রবাহ বাড়ানো এবং জলাবদ্ধতা কমানো গেলে মাছের উপযুক্ত পরিবেশ তৈরি করা সম্ভব হবে। দেশের মৎস্য খাতের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিএফআরআইয়ের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. মীর হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম। স্বাগত বক্তব্য দেন বিএফআরআইয়ের পরিচালক ড. মো. আমিরুল ইসলাম।




