আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৮৪ জন নিখোঁজ রয়েছেন। নৌযানটিতে মোট ৩০৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। রোববার (১১ অক্টোবর) সংস্থাটি দুর্ঘটনার এ তথ্য প্রকাশ করে। আইওএমের তথ্যমতে, গত ৮ অক্টোবর রাতে অথবা ৯ অক্টোবরের প্রথম দিকে জিবুতির ওবক বন্দরের উত্তরে গুহেরে এলাকার কাছে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনায় অন্তত ১৫ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ৮২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে জিবুতি কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছে। 
উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিৎসা ও জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। আফ্রিকার হর্ন অঞ্চল থেকে প্রতিবছর বহু মানুষ উন্নত জীবিকা ও কর্মসংস্থানের আশায় ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। এ জন্য তাদের বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিতে হয়। যাত্রাপথে নৌকাডুবি, মানব পাচার, আটক এবং প্রাণহানির ঝুঁকি রয়েছে। আইওএমের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে এই অভিবাসনপথে ৯০০ জনের বেশি মানুষ মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। সাম্প্রতিক নৌকাডুবির ঘটনায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি এবং বহু যাত্রীর নিখোঁজ থাকার তথ্য অনিয়মিত অভিবাসনপথের ঝুঁকি আবারও সামনে এনেছে।