ভূমধ্যসাগরের তলদেশে প্রায় ৪ হাজার ৭০০ বছর আগের একটি জাহাজডুবির নিদর্শন আবিষ্কারের দাবি করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। তুরস্কের আনতালিয়া প্রদেশের কেকোভা দ্বীপের কাছে পাওয়া এই নিদর্শন প্রাচীন সামুদ্রিক বাণিজ্যের ইতিহাস সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছে। গবেষকদের মতে, এটি এখন পর্যন্ত শনাক্ত হওয়া প্রাচীনতম জাহাজডুবির নিদর্শন হতে পারে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ মিটার গভীরে জাহাজটির পণ্যসামগ্রী ছড়িয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় ১০ মিটার দীর্ঘ জাহাজটি ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক পণ্য পরিবহনে ব্যবহৃত হতো। জাহাজের কাঠের কাঠামো নষ্ট হয়ে গেলেও টিকে রয়েছে ৩০টির বেশি বড় মাটির পাত্র এবং তিনটি পাথরের নোঙর।
প্রত্নতাত্ত্বিকদের ধারণা, জাহাজটির বয়স ৪ হাজার ৪০০ থেকে ৪ হাজার ৭০০ বছরের মধ্যে। এটি প্রাথমিক ব্রোঞ্জ যুগের নিদর্শন। সে সময় মিসরের গিজায় বৃহৎ পিরামিড নির্মাণের কাজ চলছিল। কাঠের অংশ সংরক্ষিত না থাকায় কার্বন পরীক্ষার মাধ্যমে বয়স নির্ধারণ করা যায়নি। গবেষকেরা পাত্রের আকৃতি, নির্মাণশৈলী ও অলংকরণ বিশ্লেষণ করে এ সময়কাল নির্ধারণ করেছেন।
তুরস্কের আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাকান ওনিজের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিকদের একটি দল অনুসন্ধান চালায়। গবেষকদের মতে, মাটির পাত্রগুলোর সঙ্গে মিসর ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানে পাওয়া নিদর্শনের মিল রয়েছে।
আবিষ্কারের বিশেষ দিক হলো, কয়েক হাজার বছর পানির নিচে থাকার পরও কিছু পাত্রের ভেতরে আঠালো ও চকচকে পদার্থের অবশিষ্টাংশ পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ কারিন সাওয়াদা পাত্রগুলো পরীক্ষা করে এসব অবশিষ্টাংশ শনাক্ত করেন। এগুলো জলপাইয়ের তেল, মদ কিংবা গাছ থেকে পাওয়া রজনজাতীয় পদার্থ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পাত্রগুলো একাধিকবার ব্যবহৃত হয়ে থাকতে পারে। তাই অবশিষ্টাংশগুলো জাহাজটির শেষ যাত্রায় বহন করা পণ্যের কি না, তা নিশ্চিত হতে আরও পরীক্ষা প্রয়োজন।
জাহাজটির যাত্রাপথও এখনো নিশ্চিত নয়। গবেষকদের ধারণা, এটি ভূমধ্যসাগরের পূর্ব উপকূলের কোনো স্থান থেকে যাত্রা শুরু করেছিল। ট্রয় কিংবা গ্রিসের ক্রিট দ্বীপের মিনোয়ান সভ্যতার অঞ্চলের সঙ্গে এর বাণিজ্যিক যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কেকোভা দ্বীপের আশপাশের সমুদ্রপথ শক্তিশালী স্রোত ও বাতাসের জন্য পরিচিত। ওই এলাকায় আরও জাহাজডুবির নিদর্শন রয়েছে। গভীর সমুদ্রে কাজ করায় ডুবুরিরা একবারে প্রায় ৩০ মিনিট অনুসন্ধান চালাতে পারেন। উদ্ধার করা পাত্রগুলো সতর্কতার সঙ্গে সংরক্ষণ করা হচ্ছে, যাতে দীর্ঘদিন পানির নিচে থাকার কারণে দুর্বল হয়ে পড়া নিদর্শন ক্ষতিগ্রস্ত না হয়।
এর আগে গ্রিসের ডোকোস দ্বীপের কাছে পাওয়া প্রায় ৪ হাজার ২০০ বছরের পুরোনো জাহাজডুবিকে প্রাচীনতম নিদর্শনগুলোর একটি হিসেবে বিবেচনা করা হতো। নতুন আবিষ্কারটি সেই রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে দাবি গবেষকদের। তাঁদের মতে, এ নিদর্শন প্রাচীন মানুষের সমুদ্রযাত্রা, পণ্য পরিবহন ও সভ্যতাগুলোর মধ্যে যোগাযোগের ইতিহাস বুঝতে নতুন সূত্র দেবে।
**সূত্র: বিবিসি**