বিতর্ক ও সমালোচনার মধ্যে থাকা ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে ঘিরে এবার আলোচনায় এসেছে নতুন প্রেমের খবর। এক রহস্যময় নারী নিজেই ফোন করে তার সঙ্গে সময় কাটানোর আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন এক সাংবাদিক। তবে ওই নারীর পরিচয় কিংবা সম্পর্কের প্রকৃত অবস্থা এখনো প্রকাশ্যে আসেনি।
১৪ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক কিছু আইনি সাফল্যের পর অ্যান্ড্রু নতুন করে জীবন শুরু করার বিষয়ে আশাবাদী হয়ে উঠেছেন বলে দাবি করা হচ্ছে। এমনকি হারানো রাজকীয় মর্যাদা ও সম্মান ফিরে পাওয়ার সম্ভাবনা নিয়েও তিনি আশাবাদী—এমন তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে।
দ্য ডেইলি বিস্টের সম্পাদক টম সাইকস এক পডকাস্টে সাংবাদিক পলা ফ্রোলিখকে জানান, তার সূত্রের দাবি অনুযায়ী, ওই নারী একদিন অ্যান্ড্রুকে ফোন করে বলেন, ‘আপনি একা, আমিও একা। আমরা কি একসঙ্গে কিছু সময় কাটাতে পারি?’ সাইকসের ভাষ্য, অ্যান্ড্রু ওই প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন। ফোনটি ভিডিও কল ছিল কি না, তা নিশ্চিত নয়; তবে তার ধারণা, সাধারণ টেলিফোনেই যোগাযোগ হয়েছিল।
সাইকসের দাবি, শিকার করার শখ ও অভিজাত সামাজিক পরিমণ্ডলের সূত্রে ওই নারীর সঙ্গে অ্যান্ড্রুর আগে থেকেই পরিচয় ছিল। ফলে তার কাছে অ্যান্ড্রুর ফোন নম্বর থাকা অস্বাভাবিক নয়।
চলতি বছরের শুরুর দিকে অ্যান্ড্রু রাজপরিবারের স্যান্ড্রিংহাম এস্টেটের মার্শ ফার্মে চলে যান। এর আগে তার রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হয় এবং রয়্যাল লজের বাসভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
অ্যান্ড্রুর নতুন সম্পর্কের খবর শুনে বিস্ময় প্রকাশ করেন পলা ফ্রোলিখ। তার মন্তব্যে অ্যান্ড্রুর অতীতের বিতর্ক ও অভিযোগের প্রসঙ্গ উঠে আসে। তবে কথিত প্রেমিকার পরিচয়, তাদের সম্পর্কের ধরন কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রাজপরিবারের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্ক এবং অতীতের বিতর্কের কারণে তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন খবরও বাড়তি মনোযোগ পাচ্ছে। তবে রহস্যময় ওই নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি এখন পর্যন্ত সাংবাদিকের সূত্রনির্ভর দাবি; এর স্বাধীন সত্যতা নিশ্চিত হয়নি।