পররাষ্ট্র ক্যাডারের তিন নারী কূটনীতিককে গ্রেড-১ সচিব পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডের হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।
সোমবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের জারি করা প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি জানানো হয়। সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের ভিত্তিতে বিসিএস পররাষ্ট্রবিষয়ক ক্যাডারের এ তিন কর্মকর্তাকে গ্রেড-১ সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে।
পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তা বর্তমানে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করছেন। তাঁদের এ পদোন্নতির ফলে পররাষ্ট্র ক্যাডারের গ্রেড-১ পর্যায়ে আরও তিন নারী কর্মকর্তা যুক্ত হলেন।




