ওয়েবসাইট পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপির দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন দেশের সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের অনলাইন সেবা সুরক্ষিত করতে জরুরি পদক্ষেপ নিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বুধবার পিএইচপির ডেভেলপাররা ত্রুটি দুটি সংশোধন করে নতুন সংস্করণ প্রকাশ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নিরাপত্তা দুর্বলতাগুলো শনাক্ত করা হয়েছিল।
ব্যবহারকারীদের দ্রুত সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দেওয়া হলেও সংশোধিত সংস্করণ প্রকাশের আগেই ত্রুটিসংক্রান্ত বিস্তারিত তথ্য ছড়িয়ে পড়ে। বেলজিয়ামের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইকিডো সিকিউরিটির সহপ্রতিষ্ঠাতা ম্যাডেলিন লরেন্সের ভাষ্য অনুযায়ী, তথ্য প্রকাশের পরপরই বিভিন্ন ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা শুরু হয়। পরিস্থিতি মোকাবিলায় প্রতিষ্ঠানগুলো নিজেদের ওয়েবসাইট ও সফটওয়্যার হালনাগাদে তৎপর হয়ে ওঠে। ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ প্রিন্স জানিয়েছেন, ত্রুটির তথ্য প্রকাশের প্রথম ৪৫ মিনিটেই কয়েক হাজার হামলার চেষ্টা শনাক্ত হয়।
পরবর্তী দুই ঘণ্টার মধ্যে সেই সংখ্যা কয়েক লাখে পৌঁছায়। এরপরও হামলার প্রচেষ্টা বাড়তে থাকে বলে তিনি জানান। নিরাপত্তাঝুঁকির কারণে জাপানের মিতসুবিশি ইউএফজে ফাইন্যানশিয়াল গ্রুপ, বিমান সংস্থা এএনএ এবং ইস্ট জাপান রেলওয়েসহ কয়েকটি প্রতিষ্ঠান তাদের কিছু অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখে। দেশটির অর্থ মন্ত্রণালয় ও আবহাওয়া সংস্থাও সেবা সীমিত করার পদক্ষেপ নেয়। ফ্রান্সের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জ তাদের কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের পিএইচপিভিত্তিক ওয়েবসাইট ও সফটওয়্যারে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখে। চীনের টেনসেন্ট ক্লাউডও গ্রাহকদের দ্রুত পিএইচপির সর্বশেষ সংস্করণ ব্যবহারের আহ্বান জানিয়েছে। ঘটনাটিকে ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
জার্মানির সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফ্রাউনহোফারের বৈজ্ঞানিক পরিচালক হায়া শ্কুলম্যান এটিকে গত দুই বছরের অন্যতম গুরুতর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। এদিকে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা বলেছেন, দীর্ঘ সময়ের মধ্যে এমন ঘটনা তিনি দেখেননি। নিরাপত্তা বজায় রেখেই যাতে ডিজিটাল ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ করা যায়, সে ধরনের ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।