আগামী বছরের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।সূচি অনুযায়ী, আগামী ২৬, ২৮ ও ৩০ মার্চ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে।

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে সিরিজটি উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছে বিসিবি।বাংলাদেশ ও নেপালের মধ্যকার এই ক্রিকেট সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা শুরু হয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির বৈঠকের মাধ্যমে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিসিবি কার্যালয়ে যান নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। সেখানে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকে প্রস্তাবিত বাংলাদেশ-নেপাল সিরিজ ছাড়াও দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক ও সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, নেপালের কঠিন সময়ে দেশটির মানুষের পাশে দাঁড়ানোর প্রতীক হিসেবেও সিরিজটির বিশেষ গুরুত্ব রয়েছে। ক্রিকেটের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সংহতির বার্তা আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

এদিকে নেপালের ক্রিকেটের উন্নয়নে দেশটির ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ভবিষ্যতেও সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।