টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত ধারাবাহিকতায় নতুন মাইলফলক স্পর্শ করেছেন ভারতের বাঁহাতি ব্যাটার ঈষান কিষান। এক ক্যালেন্ডার বছরে ভারতের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান করার কীর্তি গড়েছেন তিনি। পেছনে ফেলেছেন সূর্যকুমার যাদবের আগের রেকর্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রোববার হ্যামিল্টনের সেডন পার্কে ব্যাট হাতে ঝড় তোলেন ঈষান। মাত্র ৩২ বলে ৬১ রান করেন তিনি। ইনিংসে ছিল পাঁচটি চার ও পাঁচটি ছক্কা।
এই পারফরম্যান্সের সুবাদে চলতি বছরে তার মোট টি-টোয়েন্টি সংগ্রহ দাঁড়িয়েছে ১ হাজার ২২০ রান। এর আগে ২০২২ সালে ১ হাজার ১৬৪ রান করে ভারতীয়দের মধ্যে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন সূর্যকুমার।
তবে বিশ্ব ক্রিকেটের পরিসংখ্যানে ঈষানের অবস্থান এখন দ্বিতীয়। ২০২১ সালে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান এক বছরে ১ হাজার ৩২৬ রান করে এখনো সবার ওপরে রয়েছেন।
শুধু বার্ষিক রানের রেকর্ডই নয়, একই ম্যাচে টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলকও অতিক্রম করেছেন ঈষান। এ জন্য তাকে খেলতে হয়েছে ১ হাজার ৩৪৫ বল। বলের হিসাবে ভারতীয় ব্যাটারদের মধ্যে এই মাইলফলক স্পর্শে তার অবস্থান তৃতীয়।
এ তালিকায় দ্রুততম অভিষেক শর্মা। মাত্র ১ হাজার ২৪ বলেই ২ হাজার রান পূর্ণ করেছিলেন তিনি। সূর্যকুমার যাদবের লেগেছিল ১ হাজার ১৬৪ বল।