পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে পরাজয়ের পর শাস্তির মুখে পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তবে ফাইনালের ম্যাচের কারণে নয়, ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় এই শাস্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের তুলনায় এক ওভার পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। এ অপরাধে দলের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তি ঘোষণা করেন। শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস অভিযোগ স্বীকার করে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন স্লো ওভার রেটের অভিযোগ আনেন।




