লিওনেল মেসির রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়েছেন কিলিয়ান এমবাপে। বার্সেলোনার বিপক্ষে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে জয় এনে দেওয়ার পাশাপাশি ক্লাবটির হয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ফরাসি ফরোয়ার্ড। একই সঙ্গে প্রথম সাত এল ক্লাসিকোয় গোলের হিসাবে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকাকে।
রোববার রাতে ক্যাম্প ন্যুতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪১ মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায় মাদ্রিদের দলটি। ৬১ মিনিটে রাফিনিয়া বার্সেলোনাকে সমতায় ফেরালেও ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপে।
এই জয়ে বার্সেলোনার লা লিগায় টানা নয় ম্যাচ জয়ের ধারা থেমেছে। নিজেদের মাঠে কাতালান ক্লাবটির ২৩ ম্যাচের অপরাজিত থাকার ধারাও ভেঙেছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ছয় থেকে তিনে নামিয়ে এনেছে তারা।
ম্যাচে ব্যক্তিগত দুই অর্জনে আলোচনায় এসেছেন এমবাপে। বার্সেলোনার বিপক্ষে প্রথম সাত এল ক্লাসিকোয় মেসির গোল ছিল ছয়টি। সেখানে আট গোল করে নতুন রেকর্ড গড়েছেন এমবাপে।
রিয়ালের জার্সিতে নিজের শততম গোল করতেও এমবাপের লেগেছে মাত্র ১১৬ ম্যাচ। ক্লাবটির ইতিহাসে দ্রুততম ১০০ গোলের তালিকায় তার চেয়ে এগিয়ে আছেন চারজন। ফেরেঙ্ক পুসকাস ১০০ ম্যাচে, ক্রিস্তিয়ানো রোনালদো ১০৫ ম্যাচে এবং আলফ্রেদো দি স্তেফানো ও পাহিনো ১১৪ ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছিলেন।
এমবাপের ১০০ গোলের মধ্যে লা লিগায় ৬৭টি, চ্যাম্পিয়ন্স লিগে ২৫টি, কোপা দেল রেতে চারটি, ক্লাব বিশ্বকাপে দুটি এবং উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপে একটি করে গোল রয়েছে।
২০২৪ সালে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমে ৪৪ গোল করেন এমবাপে। পরের মৌসুমে তার গোলসংখ্যা ছিল ৪২। চলতি মৌসুমে এখন পর্যন্ত করেছেন ১৪ গোল।
২০২৫ সালে এক পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে ৫৯ গোল করে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ডেও ভাগ বসান ফরাসি তারকা। এরই মধ্যে ইউরোপিয়ান গোল্ডেন বুট, দুটি পিচিচি ট্রফি ও চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতিও পেয়েছেন তিনি।




