বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গেছে বসুন্ধরা কিংস। ম্যাচের শুরুতেই গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলে দলটি। বিরতির আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ঢাকা ওয়ান্ডারার্সের গোলরক্ষক জসিম উদ্দিনকে। এর আগে ফেডারেশন কাপের সর্বশেষ ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। লিগের ম্যাচেও শুরু থেকেই একই প্রতিপক্ষের বিপক্ষে আধিপত্য দেখানোর ইঙ্গিত দেয় দলটি। এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরুর আগে বৃষ্টি নামে। খেলা শুরু হওয়ার পরও বৃষ্টি অব্যাহত ছিল।
বৃষ্টিভেজা মাঠেই শুরু হয় দুই দলের লড়াই। ম্যাচের মাত্র ২৮ সেকেন্ডে গোল করে কিংসকে এগিয়ে দেন নেপালের ফরোয়ার্ড মনিশ ডাঙ্গী। তাঁর গোলের পেছনে অবদান রাখেন দলে ফিরে আসা ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবসন রবিনহো। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। পঞ্চম মিনিটে গোল করেন সাব্বির হোসেন। ফেডারেশন কাপেও ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। এরপর প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। তবে বিরতির ঠিক আগে বিপাকে পড়ে ঢাকা ওয়ান্ডারার্স।
প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজেদের গোলবার ছেড়ে বেরিয়ে এসে বল ক্লিয়ার করার চেষ্টা করেন গোলরক্ষক জসিম উদ্দিন। স্লাইড করে প্রথম দফায় বল সরিয়ে দিলেও পরে কিংসের এক খেলোয়াড়ের নেওয়া শট হাত দিয়ে ঠেকান তিনি। এ ঘটনায় রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখান। ফলে বিরতিতে যাওয়ার আগেই ১০ জনের দলে পরিণত হয় ঢাকা ওয়ান্ডারার্স। প্রথমার্ধের খেলা শেষে বসুন্ধরা কিংস ২-০ গোলে এগিয়ে রয়েছে।




