জাতীয় সাঁতার প্রতিযোগিতায় নিজের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইরফানা খাতুন। একের পর এক ইভেন্টে রেকর্ড গড়ে এবারের আসরে নজর কেড়েছেন এই সাঁতারু। শুক্রবার মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণপদক জয়ের পথে ভেঙেছেন এক যুগের পুরোনো রেকর্ড।
ঢাকার সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার তৃতীয় দিনে ৩৪.৫৭ সেকেন্ডে সাঁতার শেষ করেন ইরফানা। এর আগে ২০১২ সালের দক্ষিণ এশিয়ান গেমসে মাহফুজা খাতুন শিলার করা ৩৪.৮৫ সেকেন্ডের রেকর্ডটিই ছিল এই ইভেন্টের সেরা টাইমিং।
চলতি প্রতিযোগিতায় মেয়েদের তিনটি ব্রেস্টস্ট্রোক ইভেন্টেই সেরা হয়ে তিনটি স্বর্ণ জিতেছেন ইরফানা। পাশাপাশি অন্যান্য ইভেন্টেও রেকর্ড গড়েছেন তিনি। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে তার সময় ছিল ২ মিনিট ৪৫.৪০ সেকেন্ড। এর মাধ্যমে রোমানা আক্তারের গত বছরের ২ মিনিট ৪৯.৭৫ সেকেন্ডের রেকর্ড পেছনে ফেলেন তিনি।
১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও রোমানার ২০২৪ সালে গড়া রেকর্ড ভেঙেছেন ইরফানা। আগের ১ মিনিট ১৮.২৭ সেকেন্ডের টাইমিং ছাড়িয়ে এবার সাঁতার শেষ করেন ১ মিনিট ১৭.৩৬ সেকেন্ডে।
রেকর্ডের তালিকায় যুক্ত হয়েছে সেনাবাহিনীর মেয়েদের রিলে দলও। ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ইরফানা, মুক্তি, সুম্মা খাতুন ও জুঁই আক্তারের সমন্বয়ে গড়া দলটি ৯ মিনিট ৪৭.৯৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড স্থাপন করে। আগের বছর বাংলাদেশ নৌবাহিনীর দল ৯ মিনিট ৫০.০১ সেকেন্ডে ইভেন্টটি শেষ করেছিল।
এদিকে প্রতিযোগিতার পদক অর্জনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তাদের ঝুলিতে রয়েছে ২৮টি স্বর্ণ, ১৮টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ। ১২টি স্বর্ণ, ১৮টি রৌপ্য এবং ২২টি ব্রোঞ্জ নিয়ে পরের অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী। বিকেএসপি দুটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।
ব্যক্তিগত ইভেন্টে সেনাবাহিনীর ইরফানার ধারাবাহিক সাফল্যের পাশাপাশি দলগত রিলেতে নতুন রেকর্ড এবারের প্রতিযোগিতায় সেনাবাহিনীর পারফরম্যান্সকে বিশেষভাবে তুলে ধরেছে।




