চীনের সাবেক নেতা মাও সেতুংকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়ে চীনা জনগণ ও ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্প্যানিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ লা লিগাও।
মঙ্গলবার এক বিবৃতিতে এমবাপে বলেন, তাঁর মন্তব্যটি অনভিপ্রেত ও অনুচিত ছিল। এর মাধ্যমে চীন এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চীনা সম্প্রদায়ের মানুষ কষ্ট পেয়েছেন বুঝতে পেরে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।
ঘটনার সূত্রপাত অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওতে ইন্টারনেটের বিভিন্ন মিম নিয়ে কথা বলার সময় এমবাপেকে নিজের মুখ চীনের কোনো এক স্বৈরশাসকের ছবিতে বসানো একটি মিমকে মজার বলতে শোনা যায়। পরে জানা যায়, ছবিটি ছিল আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের।
মাও সেতুংকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য চীনে অত্যন্ত সংবেদনশীল বিষয় হওয়ায় এমবাপের বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়।
এদিকে লা লিগা জানিয়েছে, এমবাপের মন্তব্যটি তাঁর ব্যক্তিগত বক্তব্য এবং এর সঙ্গে লিগ কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই। তবে এ ঘটনায় চীনা সমর্থকদের মনে আঘাত লাগায় দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।




