সাফ চ্যাম্পিয়নশিপে এবার ভারতের প্রতিনিধিত্ব করবে তরুণ ফুটবলারদের নিয়ে সাজানো একটি দল। নিয়মিত জাতীয় দলের পরিবর্তে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের খেলোয়াড়দের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলটির দায়িত্বও থাকছে জাতীয় দলের প্রধান কোচ খালিদ জামিলের হাতে নয়। তরুণদের নিয়ে ঢাকায় আসবেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ নৌশাদ মুসা।
মূলত একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ থাকায় জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সাফে পাওয়া যাচ্ছে না। আগামী ১১ ও ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের মাঠে ম্যাচ দুটি খেলবে ভারত। ওই সফরে দলের সঙ্গে থাকবেন কোচ খালিদ জামিল।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে গ্রুপ 'বি'-তে ভারতের সঙ্গী হয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। ৫ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ভারত।
সাফের ইতিহাসে সর্বোচ্চ ৯ বার শিরোপা জিতেছে ভারত। এবার তরুণদের নিয়েই দশম শিরোপার লক্ষ্যে মাঠে নামবে দলটি। তাদের ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন গোলরক্ষক, রক্ষণভাগ, মাঝমাঠ ও আক্রমণভাগ মিলিয়ে মোট ২৭ জন ফুটবলার।
ভারতের ঘোষিত দল
গোলরক্ষক: আরশ আনোয়ার শেখ, মোহনরাজ কে ও প্রিয়ংশ দুবে।
ডিফেন্ডার: আবদুল রাবীহ, বিজয় ভার্গিস, চিংলেশানা সিং কোনশাম, হমিংথানমাউইয়া রালতে, খায়মিনথাং লুংদিম, মুহাম্মদ উভাইস, নাথান রদ্রিগেজ, রনি খরবুদোন ও সন্দীপ মান্ডি।
মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, এডিসন সিং থকচোম, ব্রাইসন ফার্নান্দেজ, এবিনদাস ইয়াসুদাসান, ফারুক চৌধুরী, মেকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, নওফাল পিএন, রিকি জন শাবং ও সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি ও সুহাইল আহমেদ ভাট।
প্রধান কোচ: নৌশাদ মুসা।




