ফেডারেশন কাপ ফুটবলের ‘বি’ গ্রুপে মঙ্গলবার জয়, ড্র আর পয়েন্ট হারানোর দিন কেটেছে দলগুলোর। সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান। আর ঢাকা ওয়ান্ডারার্স ও আরামবাগ ক্রীড়া সংঘের লড়াই শেষ হয়েছে ২-২ সমতায়।
মানিকগঞ্জে সিটি ক্লাবের বিপক্ষে ১৭ মিনিটে পেনাল্টি পায় বসুন্ধরা কিংস। রবসন রবিনিও স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন। পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে উত্তেজনার মধ্যে সিটি ক্লাবের গোলকিপিং কোচ নুরুজ্জামান নয়ন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ৪০ মিনিটে রাকিব হোসেনের শট থেকে ফিরতি বলে হেড করে গোল করেন এমেকা ওগবুহ। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। ফলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।
মুন্সিগঞ্জে মোহামেডান প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে এগিয়ে যায়। ৬১ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস থেকে সুলেমান দিয়াবাতে গোল করেন। কিন্তু ৭২ মিনিটে জুবায়ের আহমেদের ক্রস থেকে বুক দিয়ে বল নিয়ন্ত্রণ করে অসাধারণ বাইসাইকেল কিকে গোল করেন পিডব্লিউডির ইয়োহান এমবিদা। তার গোলেই সমতায় ফেরে পিডব্লিউডি। বাকি সময়ে আর গোল না হওয়ায় ১-১ ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। দুই ম্যাচে চার পয়েন্ট মোহামেডানের।
দিনের শেষ ম্যাচে গোপালগঞ্জে ঢাকা ওয়ান্ডারার্স ও আরামবাগের লড়াই জমে ওঠে শেষ ছয় মিনিটে। ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওয়ান্ডারার্সকে এগিয়ে দেন অধিনায়ক অ্যাঙ্গুস জন বেইলি। দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর ৮৪ মিনিটে পেনাল্টিতে গোল করে সমতা ফেরান আরামবাগ অধিনায়ক মোহাম্মদ রকি। ৮৬ মিনিটে যুবরাজ ধাকাল ওয়ান্ডারার্সকে আবার এগিয়ে দিলেও ৮৮ মিনিটে সামিন ইয়াসারের গোলে সমতায় ফেরে আরামবাগ। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।




