একসময় ওয়ানডে ক্রিকেটে ৩০০ রান করাই ছিল বড় অর্জন। সময়ের সঙ্গে ব্যাটিংয়ের ধরন, খেলার কৌশল ও রান তোলার গতি বদলে যাওয়ায় এখন চারশ রানের বড় সংগ্রহও নিয়মিত আলোচনায় আসছে। এমনকি চারশর বেশি রান তাড়া করেও ম্যাচ জয়ের নজির তৈরি হয়েছে। তবে আন্তর্জাতিক ওয়ানডেতে এখনো চারশ রানের ইনিংস খেলতে পারেনি বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশের একসময়কার প্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়ে এই মাইলফলক স্পর্শ করেছে। 
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক ওয়ানডেতে এখন পর্যন্ত ৩৫টি দলীয় ইনিংসে ৪০০ বা তার বেশি রান হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নয়বার এই কীর্তি গড়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড আটবার করে চারশ রানের ঘরে পৌঁছেছে। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া তিনবার করে এবং নিউজিল্যান্ড দুবার এমন সংগ্রহ গড়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে একবার করে চারশ রানের মাইলফলক ছুঁয়েছে। টেস্ট মর্যাদাপ্রাপ্ত ১২টি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখনো আন্তর্জাতিক ওয়ানডেতে চারশ রান করতে পারেনি।
বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩৪৯ রান
আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩৪৯ রান। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ছয় উইকেট হারিয়ে এই রান করেছিল টাইগাররা। অন্যদিকে, ২০২৩ সালের বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চারশ রানের ইনিংস খেলে ইতিহাসের এই তালিকায় জায়গা করে নেয় জিম্বাবুয়ে।
চারশ রান তাড়া করেও জয়
বড় সংগ্রহের পাশাপাশি রান তাড়া করে জয়ের ঘটনাও ওয়ানডে ক্রিকেটে নতুন মাত্রা যোগ করছে। রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের ৪২৯ রানের লক্ষ্য পেরিয়ে জয় পেয়েছে শ্রীলঙ্কা। ওয়ানডে ইতিহাসে সফল রান তাড়ার তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়। এ ছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটেও চারশ বা তার বেশি রান তাড়া করে জয়ের ঘটনা বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে এ ধরনের পাঁচটি জয়ের ঘটনা ঘটেছে, যার মধ্যে চারটি ঘটেছে সাম্প্রতিক সময়ে।
পাঁচশ ছাড়িয়েছে ঘরোয়া ক্রিকেটের সংগ্রহ
ওয়ানডে ও লিস্ট ‘এ’ ক্রিকেটে বড় দলীয় সংগ্রহের প্রবণতা কতটা বেড়েছে, তার প্রমাণ ঘরোয়া ক্রিকেটেও রয়েছে। ভারতের বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ু ২০২২ সালে ৫০৬ রান করে। বিহার গত বছর গড়েছে ৫৭৪ রানের বিশাল সংগ্রহ। আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ইংল্যান্ডের। 
২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৯৮ রান করেছিল দলটি। সব মিলিয়ে আধুনিক ওয়ানডে ক্রিকেটে ব্যাটিংয়ের আক্রমণাত্মক ধরন বড় সংগ্রহকে আরও সাধারণ করে তুলছে। ফলে একসময় নিরাপদ মনে করা ৩০০ কিংবা ৪০০ রানের লক্ষ্যও এখন প্রতিপক্ষের জন্য সব সময় অতিক্রম-অযোগ্য থাকছে না।