জার্মান জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল ঘোষণা করেই আলোচনায় এসেছেন ইয়ুর্গেন ক্লপ। উয়েফা নেশন্স লিগের চার ম্যাচ সামনে রেখে তিনি দুই দফার স্কোয়াডে মোট ৪৪ জন ফুটবলারকে অন্তর্ভুক্ত করেছেন। তবে এই বড় তালিকাতেও জায়গা হয়নি বিশ্বকাপে জার্মানির সর্বোচ্চ গোলদাতা দেনিজ উন্দাভের। একই সঙ্গে বাদ পড়েছেন গালাতাসারেইয়ের উইঙ্গার লেরয় সানেও।

ক্লপের ঘোষিত ‘ডাবল স্কোয়াড’ নেদারল্যান্ডস, গ্রিস ও সার্বিয়ার বিপক্ষে ম্যাচগুলোকে নতুন ও অপেক্ষাকৃত অনভিজ্ঞ খেলোয়াড়দের জন্য নিজেদের প্রমাণের সুযোগ করে দিয়েছে। একই সময়ে নিয়মিত তারকাদের ওপর ম্যাচের চাপ কমানোর পরিকল্পনাও এতে প্রতিফলিত হতে পারে। ফ্লোরিয়ান ভির্টজ ও কাই হাভার্টজের মতো খেলোয়াড়দের সর্বোচ্চ দুটি ম্যাচে খেলানোর সম্ভাবনা রয়েছে।

জার্মানির দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লপ নিজের কাজের ধরন নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছিলেন। সংবাদমাধ্যমের অতিরিক্ত হস্তক্ষেপ বা সমালোচনা অসহনীয় পর্যায়ে পৌঁছালে পদত্যাগের বিষয়টি বিবেচনা করতে পারেন বলেও তিনি জানিয়েছিলেন। এবার দল ঘোষণার মাধ্যমেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক লিভারপুল কোচ।

বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় জাতীয় দলের হয়ে এখনো অভিষেক না হওয়া কয়েকজন ফুটবলারও রয়েছেন। তাদের মধ্যে এলভার্সবার্গের মিডফিল্ডার ফেলিক্স কেইডেল এবং আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের ফরোয়ার্ড ইউনেস এবনুতালিব উল্লেখযোগ্য।
নেশন্স লিগের নিয়ম অনুযায়ী, প্রতিটি ম্যাচের আগে ২৩ সদস্যের চূড়ান্ত দল জমা দিতে হয়। তবে পরবর্তী ম্যাচে প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় পরিবর্তনের সুযোগ থাকে। এই নিয়ম কাজে লাগিয়েই ৪৪ জন খেলোয়াড়কে দুই স্কোয়াডে ভাগ করে পরীক্ষা করতে চাইছেন ক্লপ।

বিশ্বকাপে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করে জার্মানির সর্বোচ্চ গোলদাতা হওয়া দেনিজ উন্দাভের বাদ পড়াটিই সবচেয়ে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে জাতীয় দলের হয়ে ৮০ ম্যাচ খেলা লেরয় সানেও এবার স্কোয়াডের বাইরে রয়েছেন।

আগামী ২৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগে অভিযান শুরু করবে জার্মানি। এরপর ২৭ সেপ্টেম্বর গ্রিস, ১ অক্টোবর সার্বিয়া এবং ৪ অক্টোবর আবারও গ্রিসের বিপক্ষে মাঠে নামবে ক্লপের দল।