২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে হ্যারি কেইনকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে বায়ার্ন মিউনিখের সামাজিক যোগাযোগমাধ্যমে ইংলিশ স্ট্রাইকারকে নিয়ে রহস্যময় পোস্ট সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
কালো স্যুট পরা কেইনের একটি ছবি প্রকাশ করে বায়ার্ন লিখেছে, ‘ইটস অলমোস্ট শোটাইম’। অর্থাৎ, মঞ্চে ওঠার সময় প্রায় এসে গেছে। আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়ামে বসার কথা ২০২৬ সালের ব্যালন ডি’অরের আসর। বায়ার্নের এই পোস্টের পর সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি এবারই প্রথমবারের মতো এই পুরস্কার জিততে যাচ্ছেন কেইন?
গত মৌসুমে বায়ার্নের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই ইংলিশ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৬১ গোল। তার পারফরম্যান্সে বুন্দেসলিগা ও জার্মান কাপ জিতেছে বায়ার্ন। ক্লাবের পাশাপাশি ইংল্যান্ড জাতীয় দলের হয়েও ছিলেন কার্যকর। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলিয়ে কেইনের গোলসংখ্যা ৭৩। তার গোল করার ধারাবাহিকতা ব্যালন ডি’অরের আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেছে।
কেইন এবার পুরস্কারটি জিতলে ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব অর্জন করবেন। তবে বায়ার্নের রহস্যময় পোস্টই যে পুরস্কার জয়ের ইঙ্গিত, এমন কোনো নিশ্চয়তা নেই।




