মিশরীয় তরুণ ফরোয়ার্ড হামজা আব্দেলকরিমের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী ১৯ বছর বয়সী এই ফুটবলার ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে থাকবেন।বার্সেলোনার এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন হামজা। পরে ক্লাবের বাণিজ্যিক কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।

গোল করার দক্ষতার কারণে মিশরের ফুটবলে বেড়ে ওঠার সময় থেকেই হামজাকে ‘মিশরের হালান্ড’ নামে ডাকা হতো। বার্সেলোনার যুব দলে যোগ দেওয়ার পরও তার পারফরম্যান্সে সেই পরিচয়ের যথার্থতা দেখা যায়।মন্টেকার্লোর বিপক্ষে ৯-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে আলোচনায় আসেন তিনি। ওই জয়ের মাধ্যমে বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দল ডিভিশন দনার শিরোপা নিশ্চিত করে।

পারফরম্যান্সের ধারাবাহিকতায় ২০২৬ সালের গ্রীষ্মে হামজার সঙ্গে স্থায়ী চুক্তি করে বার্সেলোনা। এরপর কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রাক-মৌসুমেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হন এই ফরোয়ার্ড।

এরপর গত ৩১ আগস্ট রায়ো ভায়েকানোর বিপক্ষে স্পোটিফাই ক্যাম্প নউয়ে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তার। একাডেমি থেকে দ্রুত মূল দলে উঠে আসা হামজাকে এবার ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ করে নিল ক্লাবটি।