এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটের গ্রুপ ‘বি’-তে টানা দ্বিতীয় জয় পেয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। বুধবার ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (এফআইইউ) সাত উইকেটে হারিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে দলটি। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে ফারইস্ট। সোনারগাঁওয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি দলটি।
 জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে সোনারগাঁও ইউনিভার্সিটি। মাত্র ৩৮ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ম্যাচে চাপের মুখে পড়ে তারা। তবে সেই পরিস্থিতি থেকে দলকে বের করে আনেন আলাউদ্দিন মোনা ও তানভীর হোসেন। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার। মোনা ৪৫ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৫৯ রান করে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে তানভীর ২৮ বলে ২১ রান করে অপরাজিত থেকে তাঁকে সঙ্গ দেন। 
তাঁদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৬.৩ ওভারেই তিন উইকেট হারিয়ে ১২৪ রান তুলে লক্ষ্যে পৌঁছে যায় সোনারগাঁও। হাতে তখনও বাকি ছিল ২১ বল। ফারইস্টের হয়ে তালহা জুবায়ের দুটি এবং আশিকুর রহমান একটি উইকেট নেন। অন্যদিকে সোনারগাঁওয়ের বোলার এবি জীবন ছিলেন ম্যাচের অন্যতম সেরা পারফর্মার। চার ওভার বল করে একটি মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন তিনি। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও পান জীবন। 
এই জয়ের ফলে গ্রুপ ‘বি’-তে টানা দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট অর্জন করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর শুরু হয়েছে এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬। টুর্নামেন্টের ম্যাচ সরাসরি সম্প্রচার করছে ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।