মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের নির্ধারিত দুটি গ্যালারিতে বিনা মূল্যে প্রবেশের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, ম্যাচের পাঁচ দিনই উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
তবে বিনা মূল্যে প্রবেশের সুবিধা থাকছে না গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মুশতাক স্ট্যান্ড এবং ভিআইপি ও হসপিটালিটি বক্সে। আগামী বুধবার শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এ ম্যাচের জন্য শুক্রবার নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের সুযোগ। ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে মোট পয়েন্টের ৫৫.৫৬ শতাংশ নিয়ে তালিকার চারে আছে দলটি। ২০২৫-২৭ চক্রের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের জুনে ইংল্যান্ডের ওভালে। শীর্ষ দুই দল খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে।